জীবননগরে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৫
জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের কয়ার মাঠ থেকে শাহিন (৩১) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধারের সময় তার মাথায় গুলির চি‎হ্ন পাওয়া গেছে।
 
শাহিন উপজেলা শহরের আঁশতলা পাড়ার মোন্নাফ আলীর ছেলে। তার নামে জীবননগর থানায় একটি হত্যাসহ অন্তত ১০টি মাদক মামলা রয়েছে। পুলিশ সকাল ১০টার সময় ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
এলাকাবাসী জানান, বেনীপুর গ্রামের কয়ার মাঠে রাস্তার পাশে সেগুন বাগানের মধ্যে শনিবার সকালে গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
 
জীবননগর থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, শাহিন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসার টাকা ভাগাভাগি করাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা তাকে হত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার নামে জীবননগর থানায় একটি হত্যা মামলাসহ অন্তত ১০টি মাদক মামলা রয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি