বাঘায় নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবদল নেতা গ্রেফতার

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪০
রাজশাহীর বাঘায় নাশকতার পরিকল্পনার অভিযোগে বোমা সদৃশ ৩টি ককটেলসহ যুবদল নেতা সালেহ আহম্মেদ ওরফে সালামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টায় উপজেলার ঐতিহ্যবাহী শাহী মসজিদ এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সাথে থাকা ১০/১২ জন যুবক পালিয়ে যায়। সালাম যুবদলের উপজেলা কমিটির আহ্বায়ক বলে দলীয় সূত্র নিশ্চিত করেছেন।
 
পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক করছিল যুবদল নেতা সালে আহাম্মেদসহ ১০/১২ জন নেতাকর্মী। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বাঘা থানা পুলিশ। এ অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে সকল নেতাকর্মী। গ্রেফতারের সময় পুলিশ সালামের কাছ থেকে বোমা সদৃশ ৩টি ককটেল উদ্ধার করেন।
 
তবে সালে আহাম্মেদ দাবি করেছেন তার কাছে কোন ককটেল ছিল না। আজগরের বন্ধ চায়ের দোকানের পাশ থেকে পুলিশ ওই ককটেলগুলো উদ্ধার করে।
 
এদিকে সালামকে গ্রেফতারের পর উপজেলা যুবদলের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে বিএনপিসহ অঙ্গ সংগঠনগুলোর মধ্যে আতঙ্ক বেড়েছে। অনেকেই গ্রেফতার আতঙ্কে ইতোমধ্যে গা ঢাকা দিয়েছেন। 
 
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান জানান, এ ঘটনায় সালামসহ আরো কয়েকজনের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। নাশকতার পরিকল্পনা ধ্বংস করতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই রাতেই  যুবদল নেতা সালামকে গ্রেফতার-সহ বোমা সদৃশ ককটেল উদ্ধার করে এবং পরদিন শনিবার এ ঘটনায় বাঘা থানায় একটি মামলা দায়েরের পর সালামকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হয়। 
 
ইত্তেফাক/এমআই