এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এর আয়োজনে আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘যুব সম্মেলন ২০১৮: তারুণ্যের প্রত্যাশা’ শীর্ষক সম্মেলন। কৃষিবিদ ইনস্টিটিউশনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত প্রাক-সম্মেলন মিডিয়া ব্রিফিংয়ে একথা জানানো হয়।
ব্রিফিংয়ে প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রূপান্তরমুখী এবং অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা এবং নাগরিক সমাজের যথাযথ অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এ লক্ষে দেশের নাগরিক সমাজের উদ্যোগে ২০১৬ সালের জুন গঠিত হয় এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। বর্তমানে প্রায় শতাধিক উন্নয়ন প্রতিষ্ঠান এ প্লাটফর্মের সঙ্গে যুক্ত। আরও অনেকে যুক্ত হবেন।
তিনি বলেন, এ প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য এসডিজি সম্পর্কে অংশীজনদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে সরকারের পাশাপাশি সক্রিয় ভূমিকা রাখা এবং এ প্রক্রিয়ার জবাবদিহিতা নিশ্চিত করা। তিনি বলেন, এ উদ্দেশ্য অর্জনে নাগরিক প্ল্যাটফর্ম গত দুই বছরে দেশের বিভিন্ন স্থানে অর্ধশতাধিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
যুব সম্মেলনের মূল উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, গ্রাম ও শহর উভয় এলাকায় বসবাসরত যুবকদের মধ্যে এসডিজির বিভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্যের প্রাসঙ্গিকতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি, জাতীয় উন্নয়ন সম্পর্কে যুব সমাজের আকাঙ্খা ও প্রত্যাশা তুলে ধরার জন্য একটি আলোচনার ক্ষেত্রে তৈরি করা এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ে নীতিবিষয়ক বিতর্ক ও আলোচনায় যুব এজেন্ডাকে কার্যকর দৃঢ় করা।
ব্রিফিংয়ের পরে সম্মেলনের লোগো উন্মোচন ও ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। যারা যুব সম্মেলনে অংশ নেবেন তাদের ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে হবে।www.youthconf18.bdplatform4sdgs.net -এ নিবন্ধন করতে কোনো ফি লাগবে না।
মিডিয়া ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্লাটফর্মের সমন্বয়ক আনিসাতুল ফাতেমা ইউসুফ, কোর গ্রুপের সদস্য ড. ইফতেখারুজ্জামান ও শাহিন আনাম। এ সময় প্লাটফর্মের পার্টনারাও তাদের কথা তুলে ধরেন।
ইত্তেফাক/কেকে
