চাকরিতে প্রবেশের বয়স ৩৫’র দাবিতে মানবন্ধনের ডাক

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৩
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ না করে ৩৫ করার দাবিতে রবিবার জাতীয় প্রেসক্লাবে মানবন্ধন ডেকেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি।  শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 
 
বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সঞ্জয় কুমার দাস বলেন, ২ সেপ্টেম্বর সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সরকারি ও বেসরকারি চাকরিতে প্রবেশে ৩৫ করার দাবিতে মানববন্ধন করার সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। 
 
পরিষদের যুগ্ম আহ্বায়ক হারন অর রশিদ বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, ভুটানসহ বিশ্বের ১৯২টি দেশ তথা শুধু বাংলাদেশ ছাড়া জাতিসংঘের অধিভুক্ত সকল দেশেই চাকরিতে প্রবেশে সর্বনিম্ন বয়স ৩৫ রয়েছে। শুধু বাংলাদেশে ৩০ বছর আছে। যা আমাদের জন্য লজ্জাকর ও হাস্যকর। 
 
তিনি আরো বলেন, শান্তিপূর্ণভাবে মানববন্ধন করে সরকারে নিকট ও প্রধানমন্ত্রীর নিকট আবেদন করা হবে যে,  চাকরিতে প্রবেশের বয়স যেন ৩৫ এর নিচে না হয়।
 
ইত্তেফাক/জেডএইচ