সাভারে দুই হাসপাতাল সীলগালা, জরিমানা আদায়

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৩
সাভারে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে অভিযান পরিচালনা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। ওষুধ প্রশাসন অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর এবং র‌্যাব-৪ এর যৌথ সমন্বয়ে শনিবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। 
 
আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার গণি জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা, হাসপাতালের লাইন্সেস এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ছাড়াই রিপোর্ট প্রদান করার অভিযোগে হাসপাতালটি সীলগালা কারে দেয়া হয়। এরপর পার্শ্ববর্তী মেসার্স অন্যন্যা এন্টারপ্রাইজ এন্ড মেডিসিন কর্নারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ এবং নকল ওষুধ রাখায় প্রতিষ্ঠানটিকে ৭৫ হাজার জরিমানা করা হয়। পলাশবাড়ি এলাকার হাবিব ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে অনিয়ম, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে পাঁচ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। 
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, আশুলিয়া শিল্প এলাকায় অধিক সংখ্যক কর্মজীবী মানুষ বসবাস করলেও এখানে প্রয়োজনীয় চিকিৎসা সেবার সংকট রয়েছে। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী চিকিৎসা খাতকে জিম্মি করে রেখেছে। ফলে হাসপাতাল কর্তৃপক্ষ পরীক্ষা-নিরিক্ষা ছাড়াই বিভিন্ন ধরনের রিপোর্ট দিয়ে দিচ্ছে। এসব বিষয় বিবেচনা করে সরকারের পক্ষ থেকে এই সেক্টরে মনিটরিং আরও বাড়ানো দরকার উল্লেখ করে তিনি বলেন, পর্যায়ক্রমে সাভার ও আশুলিয়ার সব হাসপাতালে অভিযান পরিচলানা করা হবে।
 
অভিযানে র‌্যাব-৪ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুল হাকিম, ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মুহিদ ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মেডিক্যাল অফিসার ডা. দেওয়ান মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। 
 
ইত্তেফাক/এমআই