রাজশাহীতে বিএনপি-জামায়াত নেতাসহ গ্রেপ্তার ১০৬

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ২০:২১
রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াত-শিবির নেতাকর্মীসহ ১০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে জেলা পুলিশ ৫৭ জন ও মহানগর পুলিশ ৪৯ জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে সাতজন বিএনপি ও পাঁচজন জামায়াত-শিবির নেতাকর্মী। এ সময় ৯টি হাত বোমা ও বেশ কিছু মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে বলে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন।
 
জেলা পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী সুপার (সদর) আবদুর রাজ্জাক খান জানান, পুঠিয়ায় নাশকতার পরিকল্পনার সময় জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্র শিবিরের তিন নেতাকে গ্রেপ্তার হয়। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ পুঠিয়া ইসলামিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও জামায়াত নেতা এএইচএম মুনসুরুল হক মন্টুর বাড়ি থেকে দুই শিবির নেতা ও অপরজনকে কান্দা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে মন্টুর বাড়িতে তল্লাশি চালিয়ে ৫০টি জিহাদী বই, চারটি পেট্রোল বোমা ও দুইটি হাত বোমা উদ্ধার করা হয়েছে।
 
এরা হলেন, পুঠিয়া সদর ইউনিয়নের কান্দ্রা গ্রামের মাহাবুর রহমানের ছেলে শিবির নেতা নাহিদুল ইসলাম (২২), ধোপাপাড়া গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে ওয়াদুদ আলম (২৫) ও কান্দ্রা দাখিল মাদ্রাসার সুপার ও জামায়াত নেতা আনোয়ার হোসেন (৪৫)।
 
এদিকে, নাশকতার পরিকল্পনার অভিযোগে বাঘা উপজেলা যুবদলের আহ্বায়ক সালেহ আহম্মেদ সালামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যে বাঘা মাজার এলাকার আজগরের বন্ধ চায়ের দোকানের পাশ তিনটি হাতবোমা উদ্ধার করা হয়। এছাড়াও বাগমারা, গোদাগাড়ী, মোহনপুর, তানোর, চারঘাট, বাঘা, পুঠিয়া, দুর্গাপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে আরও ৪৫ জনকে গ্রেপ্তার করে। এ সময় বেশ কিছু মাদক দ্রব্য উদ্ধার করা হয় বলে জানান সহকারি পুলিশ সুপার আবদুর রাজ্জাক।
 
অপরদিকে, মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত নগরের ১২ থানা ও গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪৯ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ১৪ জন গ্রেপ্তারি পরোয়ানার আসামি, ১৪ জন মাদক দ্রব্যসহ এবং ২১ জনকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বেশকিছু মাদক দ্রব্য উদ্ধার করা হয় বলে জানান তিনি।  
 
ইত্তেফাক/কেকে