খাদ্যে ভেজাল দেয়ার অভিযোগে দুই ব্যবসায়ীকে সাজা প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবআইল এলাকার একটি এগ্রো ফুড কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন- বাগেরহাট জেলার সদর থানার ভদ্রপাড়া এলাকার মৃত সুলতান আলী মোল্লার ছেলে আ. ছাত্তার মোল্লা (৪২) এবং আ. আজিজ মোল্লা (৩৪)।শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো র্যাব-১১ এর এএসপি নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, ফতুল্লা শিবুমার্কেট কুতুবআইল এলাকায় এসএস এগ্রো ফুড কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান দীর্ঘ দিন ধরে ভেজাল খাদ্য বানিয়ে বাজারজাত করে আসছে। শনিবার র্যাবের একটি দল সেখানে দিয়ে দেখতে পায় প্রতিষ্ঠানের মালিক নোংরা পরিবেশে ভেজাল টমেটো সস, আমের আচার, সয়াসসসহ বিভিন্ন খাদ্য উৎপাদন করছে। ১৩ বছর ধরে এসব পণ্য উৎপাদন করে আসছে তারা।
র্যাব আরও জানায়, কারখানা থেকে ৮ ড্রাম টমেটো সস জব্দ করলেও এসবের মধ্যে টমেটোর কোন অস্তিত্ব পাওয়া যায়নি। আটকৃতরা বিভিন্ন প্রকার কেমিক্যাল মিশিয়ে এসব পণ্য তৈরি করে বাজারজাত করে আসছিল।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছা জানায়, এসএস এগ্রো ফুড কোম্পানি নামে প্রতিষ্ঠানটি ভেজাল খাদ্য সামগ্রী উৎপাদন করে আসছিলো।
ইত্তেফাক/জেডএইচ
