কুমিল্লায় নিখোঁজের পাঁচ দিন পর রাব্বি (১৮) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে চান্দিনা-দেবিদ্বার উপজেলার সীমান্তবর্তী এলাকা বাগুর গ্রামের খালের ঝোপ থেকে নিহতের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাব্বি ওই গ্রামের তাজুল ইসলামের ছেলে। তিনি চান্দিনা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র।
রাব্বি নিখোঁজের একদিন পর গত ২৯ আগস্ট দেবিদ্বার থানায় একটি সাধারণ ডায়েরি এবং ৩০ আগস্ট আদালতে ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন তার মা আনোয়ারা বেগম।
নিহতের মা আনোয়ারা বেগম জানান, গত ২৭ আগস্ট দুপুরে চান্দিনার বেলাশহর গ্রামের মনিরের সঙ্গে ঝগড়া হয় রাব্বির। এসময় মনির তাকে হত্যা করার হুমকি দিয়ে চলে আসে। ২৮ আগস্ট রাত ১০টায় রাব্বিকে ফোন করে বাড়ি থেকে বের করে আনে চান্দিনার মহারং গ্রামের শাহিন (২৮)। তারপর থেকে রাব্বির আর কোন খোঁজ পাওয়া যায়নি। পরদিন সকালে বাগুর কবরস্থান সংলগ্ন স্থানে গিয়ে রাব্বির ব্যবহৃত মোবাইল ফোনটি পাই আমরা।
দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মামুন পারভেজ জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
ইত্তেফাক/জেডএইচ
