বিএনপির জনসভায় শনিবার নতুন কমিটি ঘোষণার দাবিতে নিজ সংগঠনের পদপ্রত্যাশী নেতাকর্মীদের তোপের মুখে পড়ে মঞ্চ ত্যাগ করেন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক।
নয়া পল্টনের জনসভায় ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান বক্তব্য দিতে মঞ্চে উঠলে এ অপ্রীতিকর ঘটনার সৃস্টি হয়।
নতুন কমিটির দাবিতে অন্তত ৩০-৩৫ জন ছাত্রদল নেতা তখন মঞ্চে উঠে রাজিব ও আকরামকে বক্তব্য দিতে বাধা প্রদান করেন। সে সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে পদপ্রত্যাশী ছাত্রদল নেতারা বলতে থাকেন, সংগঠনের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। তাই ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী এখন কোনো নেতৃত্ব নাই, কমিটি নাই। রাজিব-আকরামের এই নেতৃত্ব কেউ মানে না। এই হট্টগোল পরিস্থিতির এক পর্যায়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এগিয়ে গিয়ে বলেন, শিগগির ছাত্রদলের কমিটি ঘোষণা করা হবে। তোমরা শান্ত হও। এই আশ্বাস পাওয়ার পর পদ-প্রত্যাশীরা মঞ্চ থেকে নেমে যান। পরে জনসভায় ছাত্রদল সভাপতি রাজিব বক্তব্য দেন, তবে সাধারণ সম্পাদক আকরাম বক্তব্য দেওয়ার সুযোগ পাননি।
প্রসঙ্গত যে, ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজিব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। দুই বছরে আগে এই কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে।
ইত্তেফাক/এমআই
