বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। প্রথম ফ্লাইটটি শনিবার বিকাল সাড়ে ৩টায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। এ সময় নভোএয়ারের উর্ধ্বতন কর্মকর্তারা যাত্রীদের শুভেচ্ছা জানান।
সপ্তাহে চার দিন সোমবার, বুধবার, শুক্রবার ও শনিবার বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান সংস্থাটি।
বরিশাল রুটের সর্বনিম্ন ভাড়া (একমুখী) ২,৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফ্লাইটটি ঢাকা থেকে বিকাল সাড়ে ৩টায় বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বরিশাল থেকে বিকাল ৪টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।
নভোএয়ার শনিবার থেকে যশোর ও রাজশাহী রুটেও ফ্লাইট বৃদ্ধি করেছে। যশোর রুটে প্রতিদিন ৪টি ও রাজশাহী রুটে প্রতিদিন ১টির পাশাপাশি মঙ্গলবার, বৃহস্পতিবার ও রবিবার আরও ১টি করে ফ্লাইট পরিচালনা করবে।
এছাড়া বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম, সৈয়দপুর, কক্সবাজার, যশোর, রাজশাহী, সিলেট এবং কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে।
ইত্তেফাক/নূহু
