ভাগ্নের লাঠির আঘাতে মামার মৃত্যু

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ২৩:১১
ঈশ্বরদীর নিকটবর্তী লালপুরের জৈতদৌবকী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাগ্নের লাঠির আঘাতে মামা নিহত হয়েছেন। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম দোয়াবর মন্ডল (৫৭)। তিনি লালপুরের জৈতদৌবকী গ্রামের মৃত আজাহার মন্ডলের ছেলে।
 
স্থানীয়রা জানায়, লালপুরের উত্তর লালপুর গ্রামে পৈত্রিক জমি ও সীমানা নিয়ে দোয়াবর মন্ডলের সঙ্গে বোন নাছিমা, ভগ্নিপতি আনজু ও ভাগ্নে নাসির ও টমাসের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ সংক্রান্ত একটি মামলা নাটোর জজ কোটে চলমান।
 
শনিবার বিকেলে উক্ত জমিতে সীমানা নির্ধারনী খুঁটি পোতা হচ্ছে জানতে পেরে ঘটনাস্থলে যান দোয়াবর মন্ডল। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারপিট শুরু হয়। ভাগ্নে টমাস কাঠের বাটাম দিয়ে মামা দোয়াবর মন্ডলের পিঠে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান।
 
আহতাবস্থায় তাকে লালপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, নিহতের বোন নাছিমা ও নাজমা খাতুনকে আটক করে থানায় আনা হয়েছে। তবে নিহতের ভগ্নিপতি ও ভাগ্নেরা পালিয়েছে। তদন্ত চলছে, অবশ্যই দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
 
ইত্তেফাক/নূহু