যশোরের বড় বাজারে আগুন

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ০০:১৯
যশোর শহরের বড় বাজারে শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাজারের বন্ধ দোকান থেকে হঠাৎ আগুনে অন্তত ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের সূত্রপাতের পর প্রায় এক ঘণ্টা চেষ্টা করে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাৎক্ষণিকভাবে ব্যবসায়ীরা জানিয়েছে।
 
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানায়, শনিবার রাত সোয়া ১০টার দিকে শহরের প্রাণকেন্দ্রে বড়বাজারের আলুপট্টি ও জড়িপট্টির কসমেটিকসের দোকানে এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিক ছড়িয়ে পড়লে প্রায় পাঁচটি দোকানের কসমেটিকস পুড়ে ছাই হয়ে যায়।
 
সঙ্গে সঙ্গে খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে আসে। প্রায় এক ঘণ্টা প্রচেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
 
ব্যবসায়ীরা জানিয়েছে, বাজারের বাবু, মিম, রুহুল আমিন, কালুয়া ও গনি মিয়ার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আশপাশের দোকানেও ক্ষয়ক্ষতি হয়েছে। 
 
ঘটনাস্থলে থাকা যশোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পরিমল চন্দ্র কুন্ডু বলেন, ‘অগ্নিকান্ডের কারণ এখনই বলা যাচ্ছে না। পাঁচটির মতো দোকানে আগুন লেগেছিল।’ এই ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেননি তিনি। তিনি আরও জানান, ঘটনাস্থলে যশোর ফায়ার স্টেশনের ৪টি ইঞ্জিন কাজ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। 
 
তবে একটি দোকানের মালিক তন্ময় জানান, তার দোকানে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল ছিল। সব পুড়ে শেষ হয়ে গেছে। কীভাবে আগুন লেগেছে তা তিনি জানেন না। তন্ময় বলেন, আগুন লাগার ১০ মিনিট মতো আগে তিনি দোকান বন্ধ করে বাসার জন্য রওনা হন। পথিমধ্যে মোবাইল ফোনে জানতে পারেন তার দোকানে আগুন লেগেছে। 
 
আরেকটি দোকানের মালিক মিম আহজারি করতে করতে জানান, তার সব শেষ হয়ে গেছে। দোকানে লাখ লাখ টাকার মালামাল ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে। 
 
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, এই কসমেটিক্সের দোকানগুলোতে প্রায় কোটি টাকার মালামাল ছিল। এসব মালামাল সবই পুড়ে ছাই হয়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির চিত্র কেউ তুলে ধরতে পারেনি। 
 
এদিকে, বড় বাজারে আগুনের খবর পেয়ে রাত সোয়া ১১টার দিকে ঘটনাস্থলে ছুটে যান যশোরের জেলা প্রশাসক আব্দুল আউয়াল। তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমবেদনা জানান।
 
ইত্তেফাক/নূহু