মুক্তিযোদ্ধা কোমর উদ্দিন সড়ক উদ্বোধনের আগেই ভেঙে বেহাল!

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ০২:২৩
ধুনট উপজেলায় প্রয়াত মুক্তিযোদ্ধা কোমর উদ্দিনের নামে নবনির্মিত সড়কটি উদ্বোধনের আগেই ভেঙে বেহাল হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজের কারণে সড়কটি ভেঙে যোগাযোগ বিপর্যয় ঘটেছে।  
 
স্থানীয় সূত্রে জানা যায়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় প্রয়াত মুক্তিযোদ্ধা কোমর উদ্দিনের বাড়ি উপজেলার নিমগাছি ইউনিয়নের শিয়ালী গ্রামের পার্শ্ববর্তী ধামাচামার তিন মাথা মোড় হতে ৫শ’ মিটার দীর্ঘ রাস্তা নির্মাণ করা হয়। বগুড়ার গাবতলী উপজেলার মেসার্স এম আর এন্টারপ্রাইজ নামে ঠিকাদার প্রতিষ্ঠান ৩০ জুন সড়কের নির্মাণ কাজ শেষ করে।
 
এ অবস্থায় প্রায় এক মাস আগে সড়কের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। কয়েক স্থানে সড়কের ইটগুলো লণ্ডভণ্ড হয়ে গেছে। কোথাও আবার ডেবে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে নবনির্মত এই সড়কটি চলাচলের অযোগ্য হয়ে জনদুর্ভোগ বেড়েছে।
 
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক গ্রামবাসী জানান, নিম্নমানের কাজের কারণে বৃষ্টিতে সড়কটি ভেঙে বেহাল দশায় পরিণত হয়েছে। সড়কটি নির্মাণ কাজে বালুর বদলে মাটি, নিম্নমানের ইটের ব্যবহার ও দুর্বল প্যালাসাইটিং দেওয়া হয়েছে। এছাড়া সড়কটি রোড রোলার দিয়ে কম্প্যাকশন না করেই নরম মাটির উপর ইট বিছানো হয়েছে। জনস্বার্থে সরকারি অর্থ ব্যয় করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। 
 
ধুনট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রয়াত মুক্তিযোদ্ধার নামে নতুন সড়কের নামকরণ করা হয়েছে। অল্পদিনের মধ্যেই সড়কটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। কিন্তু বৃষ্টির কারণে সড়কটির সামান্য ক্ষতি হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত স্থানগুলো মেরামত করে দেওয়ার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।
 
ইত্তেফাক/নূহু