মধুখালী উপজেলার দুটি ফিডার সড়কে ওভার লোড ভারী ট্রাক চলাচলে রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ভ্যান-রিকশা, ছোট ছোট যাত্রী পরিবহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন উপজেলার মধুখালী-মেগচামী-বালিয়াকান্দি সড়কের মধুখালী ১১ কিলোমিটার অংশে প্রায় ২৫-৩০টি স্থানে রাস্তা ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে এলাকাবাসী জনদুর্ভোগের শিকার হচ্ছে।
অপরদিকে মধুখালী-বেলেশ্বর-কোলারহাট সড়কের মধুখালী অংশের ৯ কিলোমিটারের বিভিন্ন স্থানে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। এই সড়ক দিয়ে যশোর-ঝিনাইদহ থেকে আসা অতিরিক্ত মাল বোঝাই ট্রাক ঢাকার উদ্দেশ্যে দৌলতদিয়া ঘাটে যাতায়াত করে বেশ কিছু যানবাহন।
ট্রাকের ড্রাইভার জানান, ঢাকা-খুলনা মহাসড়কের হাইওয়ে পুলিশের চাঁদাবাজির কারণে পালিয়ে ভিতর দিয়ে মাঝে মধ্যে ঢাকা থেকে যশোর ও যশোর থেকে ঢাকা যাতায়াত করতে হয়। এ দুটি রাস্তা ছাড়াও এলাকার গ্রামীণ ১০টি রাস্তার অবস্থা প্রায়ই একই। এ রাস্তাগুলো দ্রুত সংস্কার করার দাবি এলাকাবাসীর।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মধুখালী উপজেলা প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম জানান, ফিডার সড়কগুলো এলজিইডি সাধারণত ১০ থেকে ১৫ টন ভারী মালবোঝাই ট্রাক বা যানবহন চলাচল উপযোগী রাস্তা নির্মাণ করা হয়। কিন্তু এ সকল রাস্তা দিয়ে মাঝে মধ্যেই ৩০ থেকে ৪০ টন মালবোঝাই ট্রাক চলাচলে রাস্তাগুলো ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়।
ইত্তেফাক/নূহু
