কবিরাজের ওষুধ খেয়ে একজনের মৃত্যুর অভিযোগ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৪
নীলফামারীর ডোমার উপজেলায় কবিরাজের ওষুধ খেয়ে নাজিমুল ইসলাম (২২) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে বলে তার পরিবার জানিয়েছে। এছাড়া ওষুধ খাওয়ার পর অসুস্থ হলে আরো তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
মারা যাওয়া নাজিমুল ইসলাম হরিণচড়া ইউনিয়নের শেওটগাড়ী গ্রামের আব্দুল মান্নানের ছেলে। রবিবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে। 
 
জানা গেছে, শনিবার রাত নয়টার দিকে উপজেলার হরিণচড়া ইউনিয়নের ধরনীগজ্ঞ হাটের চা দোকানদার কবিরাজ সাইফুল ইসলাম নিজ দোকানে তিনজনকে বিভিন্ন গাছের শিকড় খাওয়ায়। 
 
এতে শেওটগাড়ী গ্রামের আব্দুল মান্নানের ছেলে নাজিমুল ইসলাম (২২), নরেন চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (৩০), হরিহরা গ্রামের আব্দুল হামিদের ছেলে মিজানুর রহমান (২৫) ও আব্দুল মান্নানের ছেলে সামসুল হক (২৫) অসুস্থ হয়ে পড়েন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে নাজমুলের অবস্থার অবনতি হলে রাত ২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নাজিমুলের মৃত্যু হয়। বর্তমানে জয়ন্ত কুমার রায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং মিজানুর রহমান ও সামসুল হক দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 
 
কবিরাজ সাইফুল ইসলাম বর্তমানে পলাতক রয়েছেন। এ ঘটনায় মৃত নাজিমুল ইসলামের ভাই আজগার আলী বাদী হয়ে ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। 
 
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। দ্রুত কবিরাজ সাইফুলকে গ্রেফতার করা হবে।
 
ইত্তেফাক/জেডএইচ