রংপুরের সিও বাজার এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে সাতজন হয়েছেন। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরো ৪০জন।
রবিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রংপুরের জেলা প্রশাসক তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
নিহতরা হলেন- গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তালুক বর্মণ গ্রামের রুবেল হোসেনের স্ত্রী রোকসানা (২০), সৈয়দপুরের বোতলাগাড়ির আনোয়ার হোসেনের স্ত্রী আজিমন (৪৫) ও পঞ্চগড়ের শাহিন মিয়া। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বগুড়া থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বিআরটিসি বাসটি সিও বাজার এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে সাইট দিতে গিয়ে বিপরীতমুখী দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। বাকি তিনজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রংপুর মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক শাহীনুর রহমান জানান, দুর্ঘটনায় আহত ৪০ জনকে ভর্তি করা হয়েছে। ৪টি ওয়ার্ডে আহতদের চিকিৎসা চলছে। এদের মধ্যে ১৫জনের অবস্থা আশংকাজনক। অন্য আহতরা চিকিৎসা নিয়ে চলে গেছেন।
কোতয়ালী থানার ওসি মোখতারুল আলম জানান, বাসটিকে আটক করা হয়েছে। ড্রাইভার ও হেলপারকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীব জানান, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে একটি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
