‘তাড়াশের প্রতিবন্ধী সুশান্তর অটো ভ্যানগাড়ির জন্য আকুতি’ শিরনামে একটি সচিত্র প্রতিবেদন গত শুক্রবার দৈনিক ইত্তেফাকে প্রকাশ পায়। ওই প্রতিবেদনটি দেখে রিসান গ্রুপ সুশান্তকে আর্থিক সহায়তা দিয়েছে। সুশান্ত তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের তারাটিয়া গ্রামের প্রফুল্ল সরকারের ছেলে।
দৈনিক ইত্তেফাকের তাড়াশ সংবাদদাতা গোলাম মোস্তফা জানান, প্রতিবেদনটি প্রকাশের পর রিশান গ্রুপের চেয়ারম্যান ডি.জে. সাকিল ও ম্যানেজিং ডিরেক্টর হুমায়ন কবির লিমন তার (গোলাম মোস্তফার) সঙ্গে যোগাযোগ করেন। পরে রবিবার তাড়াশ প্রেসক্লাব চত্বরে আনুষ্ঠানিকভাবে শারীরিক প্রতিবন্ধী সুশান্তকে একটি অটো ভ্যানগাড়ির ২৫ হাজার টাকা মূল্যের চারটি ব্যাটারি প্রদান করেন।
প্রেসক্লাবের সভাপতি সনাতন দাশের সভাপতিত্বে সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ, রিশান গ্রুপের চেয়ারম্যান ডি. জে. সাকিল, ম্যানেজিং ডিরেক্টর হুমায়ন কবির লিমন, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাব্বির আহমেদ, সাবেক সভাপতি এম আতিকুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক সাহেদ খান জয় প্রমুখ।
রিশান গ্রুপের চেয়ারম্যান ডি. জে. সাকিল বলেন, দেশে সুবিধা বঞ্চিত অনেক সুশান্ত রয়েছে। নিজ নিজ যায়গা থেকে তাদের পাশে দাঁড়ানো উচিত। তবেই প্রতিবন্ধী হওয়ার পরও তাদের হাত কর্মের হাতে পরিণত হবে।
ইত্তেফাক/জেডএইচ
