‘এই সরকারের আমলে সবাই নিরাপদে ধর্মীয় অনুষ্ঠান পালন করছে’

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ২১:০০
ধর্ম যার যার উৎসব সবার উল্লেখ করে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, বর্তমান সরকারের আমলে সকল ধর্মাবলম্বীরাই সুন্দর ও নিরাপদে স্ব-স্ব ধর্মীয় অনুষ্ঠান পালন করছে। সনাতন ধর্মের মহাভবতার ভগবান শ্রীকৃষ্ণের আর্বিভাব পৃথিবীতে শান্তির বার্তা বয়ে এনেছিল। সনাতন ধর্মের অন্যতম উৎসবে সকলের সঙ্গে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।
 
রবিবার সন্ধ্যায় উপজেলার নরুল্লাগঞ্জ ইউনিয়নের ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমীর র‌্যালি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
 
মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, আগামীতেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলে মিলে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে কাজ করে যেতে হবে। কোন অপশক্তিই যেন এই উন্নয়নের ধারাকে ব্যাহত করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে।
 
অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন বলেন, ফরিদপুর-৪ আসনের যে ব্যাপক উন্নয়ন আমাদের মাননীয় সংসদ সদস্য করেছেন, তার মধ্যেও সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন মন্দিরসহ তাদের সামাজিক যে রীতি রয়েছে তাতে তার অবদান সকলের মুখে মুখে। আগামীতে নিক্সন চৌধুরীকে পুনরায় নির্বাচিত করে বৃহত্তর ফরিদপুরের মধ্যে ফরিদপুর-৪ আসনকে মডেল আসন হিসাবে পরিণত করার সুযোগ করে দিতে জনগণকে আহ্বান জানান তিনি।
 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতালেব মাতুব্বর, নুরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম তারেক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহিদ মুন্সি, আওয়ামী লীগ নেতা সাহাবুর রহমান প্রমুখ।
 
ইত্তেফাক/জেডএইচ