রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৫৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সংশ্লিষ্ট থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও ডগ স্কোয়াড এ অভিযানে অংশ নেয়।
ডিএমপির ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে মাদক বিরোধী অভিযানে ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৩ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১১০৩ গ্রাম হেরোইন, ৬০০ গ্রাম ৮০ পুরিয়া গাঁজা, ৩৫ বোতল ৬৪ লিটার ফেন্সিডিল, ৫২টি নেশা জাতীয় ইনজেকশন ও এক বোতল মদ উদ্ধার করা হয়।
এদিকে, বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রবিবার সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত মধ্য বাড্ডা, দক্ষিণ বাড্ডা, মেরুল বাড্ডা ও সাতারকুল এলাকায় মাদক বিরোধী অভিযানে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ২৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা ও ৩৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
ইত্তেফাক/এমআই
