ইউএস ওপেন টেনিসের পুরুষ এককের শেষ ষোলোতে উঠেছেন দ্বিতীয় বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরার ও ষষ্ঠ বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচ। দু’জনই সরাসরি সেটে জয় পেয়েছেন।
এখন পর্যন্ত সবকটি ম্যাচেই সরাসরি সেটে জিতেছেন ফেদেরার। যার ধারাবাহিকতায় তৃতীয় রাউন্ডের ম্যাচের ৩০তম ম্যাচে বাছাই অস্ট্রেলিয়ার নিক কিরগিওসের বিপক্ষে ফেভারিট ছিলেন ফেদেরার। কোর্টে সেটি প্রমাণও করেছেন তিনি। মাত্র ১ ঘণ্টা ৪৪ মিনিট স্থায়ী ম্যাচে কিরগিওসকে ৬-৪, ৬-১ ও ৭-৫ গেমে পরাজিত করেন ফেদেরার।
ম্যাচ জয়ের পর ফেদেরার বলেন, ‘এমন জয় সবসময়ই আনন্দ দেয়। তবে এতটা সহজে জিততে পারবো, তা ভাবিনি। এমন পারফরমেন্স পরের ম্যাচেও করতে চাই।’
ফেদেরার সহজ জয় পেলেও, ২৬তম বাছাই ফ্রান্সের রিচার্ড গ্যাসকুয়েটকে হারাতে ২ ঘণ্টা ১১ মিনিট সময় নিয়েছেন জকোভিচ। প্রথম সেট ৬-২ গেমে জিতেন জকোভিচ। পরের দুই সেট ৬-৩ ও ৬-৩ গেমে জয় পান জকোভিচ।
ইত্তেফাক/মোস্তাফিজ
