মাদারীপুরে রাজৈর উপজেলায় কবিরাজের ভুল চিকিৎসায় নয়ন খাঁ (১৩) নামের এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়।
নিহত নয়ন খাঁ কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালী গ্রামের সেলিম খাঁর ছেলে।
নিহত নয়ন খাঁ’র বাবা সেলিম খাঁ জানান, প্রতিবন্ধী ওই কিশোরের চিকিৎসার জন্য গত শুক্রবার সকালে পরিবারের সদস্যরা রাজৈর উপজেলার সেনখালী এলাকার কবিরাজ রবি ফকিরের বাড়িতে যান। এ সময় নয়নকে বাঁশের লাঠি দিয়ে বেদম মারধর করে চিকিৎসার করেন ওই কবিরাজ। সেখান থেকে পরিবারের লোকজন নয়নকে বাড়িতে নিয়ে আসে। পরে অবস্থার অবনতি হলে রবিবার সকালে এক পর্যায়ে নয়ন জ্ঞান হারিয়ে ফেললে দ্রুত তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় নয়নের মৃত্যু হয়।
কবিরাজের এমন চিকিৎসার কারণে নয়নের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছেন তার স্বজনরা।
মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক (মেডিকেল অফিসার) ডা. মো. আবু সফর জানান, ওই কিশোরের শরীরের মারাত্মক জ্বর এবং টিকা-জনিত সমস্যা ছিল। আমরা সাধ্যমত তাকে চিকিৎসা দিয়েছিলাম। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইত্তেফাক/বিএএফ
