উখিয়ায় শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৫
সম্প্রতি ঢাকা এয়ারপোর্ট রোড়ে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর করুন মৃত্যুর ঘটনা নিয়ে শিক্ষার্থীরা সারাদেশে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করে। এরই ধারাবাহিকতায় উখিয়ায় স্কুল ছাত্রীদের নিরাপদ সড়ক পারাপারের জন্য গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হয়। তবে কদিন যেতে না যেতেই এখন তাদের আর চোখে পড়ছে না। ফলে অসংখ্য যানবাহনের চাপের ভিড়ে কোমলমতি শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে সড়ক পার হতে হচ্ছে। অভিভাবকরাও শংকিত তাদের ছেলে মেয়েরা নিরাপদে বাড়ি ফিরতে পারে কি না এ নিয়ে।
 
উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবুল হোসাইন সিরাজী জানান, শিক্ষার্থীদের আন্দোলনের সময় একদিন মাত্র একজন গ্রাম পুলিশকে ছাত্র-ছাত্রীদের সড়ক পার করে দিতে দেখা গেছে। পর দিন থেকে ওই গ্রাম পুলিশকে আর দেখা যায়নি।
 
তবে ট্রাফিক পুলিশের ইনচার্জ মুকুল চাকমা বলেন, ছাত্রছাত্রী ও পথচারী যাতে নিরাপদ সড়ক পার হতে পারে সে ব্যাপারে তারা গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করছে। যানবাহনের সংখ্যা আশংকাজনকভাবে বৃদ্ধি পাওয়ার কারনে সড়ক দুর্ঘটনা পুরোপুরি শংকামুক্ত করা যাচ্ছে না বলে তিনি সাংবাদিকদের জানান।
 
শিক্ষার্থী অভিভাবক ছালামত উল্লাহ সিকদার, শামসুল আলমসহ আরো কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, স্কুল সড়কের সামনে অবৈধ টমটম পার্কিং দুর্ঘটনার শংকা বাড়িয়ে দিয়েছে। তারা আরো জানান, উখিয়া উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে ও প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুটি স্পিড ব্রেকার দেওয়া হলে সড়ক দুর্ঘটনা অনেকটা কমতো বলে তাদের ধারণা।
 
এ প্রসংগে উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার হারুন আর রশিদ জানান, তার স্কুলের প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে ঝুঁকি নিয়ে স্কুলে আসা-যাওয়া করতে হচ্ছে। তিনি বলেন, স্কুলের সামনে সী লাইন, টমটম ও এনজিওদের ব্যবহৃত যানবাহনের চাপে যে কোন সময়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী জানান, শিক্ষার্থী ও পথচারীদের নিরাপদ যাতায়াতের জন্য অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 
 
ইত্তেফাক/নূহু