জয়পুরহাটের কালাইয়ে এক ভূয়া সেনা সদস্যকে গ্রেপ্তার করেছেন কালাই থানা পুলিশ। গত রবিবার রাত প্রায় ১১টায় কালাই বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত ভূয়া সেনা সদস্য নুর আলম মিন্টু (২০)। গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার চক দাতিয়া গ্রামের রইচ উদ্দিনের ছেলে।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ভূয়া সেনা সদস্য নুর আলম মিন্টু কালাই পৌরসভার থুপসাড়া মহল্লার মো. রুবেল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল। সে সেনা সদস্যের পরিচয় দিয়ে এলাকার বেকার যুবকদের নিকট থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল। এমন অভিযোগের ভিত্তিতে গত রবিবার রাতে তাকে কালাই বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় কালাই থানা পুলিশ তার ভাড়া বাসা থেকে সেনাবাহিনীর সদৃশ ফুল প্যান্ট, গোল গলা হাফ হাতা গেঞ্জি ও একটি পকেট নোট বই উদ্ধার করে।
এ বিষয়ে কালাই থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান বলেন, সোর্সের দেওয়া তথ্য অনুযায়ী ওই ব্যক্তিকে গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করলে সে একজন ভূয়া সেনা সদস্য হিসেবে প্রমানিত হয়। তার ভাড়া বাসা থেকে সেনা বাহিনীর উপকরণ সদৃশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে সোমবার দুপুরে ওই ব্যক্তিকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
