গাইবান্ধার গোবিন্দগঞ্জের বহুল আলোচিত গোবিন্দগঞ্জ পৌর মেয়রের পুত্র আশিকুর রহমান সাম্য হত্যা মামলার আসামিদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে গাইবান্ধা জেলা প্রশাসক অফিসের সামনে সোমবার মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। গোবিন্দগঞ্জের প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক ও সর্বস্তরের পেশাজীবী সংগঠনের সমন্বয়ে গঠিত সাম্য মঞ্চ এই কর্মসূচীর আয়োজন করে।
গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ বাসযোগে গাইবান্ধায় এসে পোস্টার, ফেষ্টুন ও ব্যানার নিয়ে এ কর্মসূচীতে অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাম্য মঞ্চের আহবায়ক সাবেক এমপি লুৎফর রহমান চৌধুরী, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, গোবিন্দগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মাসুদ রানা বাচ্চু, সাম্য মঞ্চের সদস্য সচিব সানোয়ার হোসেন আকন্দ, গোবিন্দগঞ্জ ওয়ার্কার্স পাটির নেতা মতিন মোল্লা, রফিকুল ইসলাম রুবেল প্রমুখ।
মানববন্ধন শেষে ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি জেলা প্রশাসককে প্রদান করা হয়। সাম্য মঞ্চের আহবায়ক লুৎফর রহমান চৌধুরী ও সদস্য সচিব সানোয়ার হোসেন আকন্দ স্বাক্ষরিত এই স্মারকলিপিতে সাম্য হত্যার প্রকৃত কারণ নির্ণয় করতে বলা হয়। জড়িত সকলকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসে দ্রুত বিচার ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
উল্লেখ্য, গোবিন্দগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান সরকারের একমাত্র ছেলে গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র আশিকুর রহমান সাম্যকে (১৪) বিগত ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুম করা হয়। এর ১৪ ঘণ্টা পর স্থানীয় এক কমিউনিটি সেন্টারের পেছন থেকে সাম্যর হাত-পা বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে ১১ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় গ্রেপ্তারকৃতরা জামিনে মুক্ত হয়ে এখন মামলার বাদী ও সাক্ষীদের মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে বলে মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করেন।
ইত্তেফাক/নূহু
