রাজশাহীর গোদাগাড়ীতে গোসল করতে গিয়ে পদ্মা নদীতে নিখোঁজ হয়েছে এক কলেজ ছাত্র। স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার বিকাল ৫টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার আচুয়া ভাটা গ্রামের আসরাফুলের ছেলে ইসহাক আলী (২৩) মাটিকাটা এলাকার সামনে পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় পানির স্রোতে তলিয়ে যায়।
দীর্ঘ সময় পর উঠে না আসায় স্থানীয়রা নৌকা নিয়ে খোঁজ শুরু করে। বিকাল সাড়ে ৫টার দিকে গোদাগাড়ী ফায়ার সার্ভিস সিভিল স্টেশনকে খবর দেওয়া হয়। দমকল বাহিনীর ডুবুরী দল পদ্মা নদীর ৫ কিলোমিটার এলাকা জুড়ে ডুবে যাওয়া ইসহাককে উদ্ধারে কাজ শুরু করে। সূর্য ডুবে যাওয়ায় সন্ধ্যা সাড়ে ৬টার সময় উদ্ধার অভিযান স্থগিত করা হয়।
নিখোঁজ ইসহাক আলী গোদাগাড়ী সরকারি কলেজের স্নাতক ডিগ্রীর প্রথম বর্ষের শিক্ষার্থী ও পৌর ছাত্রলীগের ১ নং ওয়ার্ডের দপ্তর সম্পাদক। ইসহাক আলী পড়ালেখার পাশাপাশি টাইলস মিন্ত্রীর কাজ করে। সোমবার কাজ শেষে বিকালে প্রতিদিনের মত পদ্মা নদীতে গোসল করতে যায় বলে তার পিতা আসরাফুল জানান।
ইত্তেফাক/নূহু
