নওগাঁয় বাইপাস সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে ফয়সাল কবির (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় শহরের বাইপাস জগৎসিংহপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত ফয়সাল কবির বদলগাছী সোয়াসা গ্রামের আলমঙ্গীর এনামুলের ছেলে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, সোমবার সন্ধ্যার দিকে ফয়সাল কবির মোটরসাইকেলযোগে সান্তাহার হতে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে বাইপাস এলাকার জগৎসিংহপুরে বিপরীতগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ফয়সাল কবির ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান। ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে। ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/নূহু
