নির্বাচনকালীন সরকারের আকারের বিষয়ে প্রধানমন্ত্রী জানেন: আইনমন্ত্রী

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ২১:২৭
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নির্বাচনকালীন সরকারের আকার কেমন হবে সেটা প্রধানমন্ত্রীই জানেন। কেননা সংবিধান অনুযায়ী এটা তার অধিকার। ফলে নির্বাচনকালীন সরকার নিয়ে আমি নই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেবেন। 
 
সোমবার রাজধানীর জেলা রেজিস্ট্রার কার্যালয়ে নকলনবিশদের পারিশ্রমিক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ সব কথা বলেন। 
 
তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি আগামী ৯ সেপ্টেম্বর যে সংসদ অধিবেশন ডেকেছেন সেটা হবে এই সংসদের শেষ অধিবেশন। সংসদের কার্যকাল পর্যন্ত এই সংসদ চলবে। সংসদ ভাঙবে না। আর গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনীর বিষয়ে ভেটিং ও আইনি পরামর্শের জন্য ফাইলটি আমার মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে পৌঁছেছে। সংশ্লিষ্ট বিভাগ সেটা দেখবে, তারপর তা আমার কাছে পাঠাবে।
 
আইনমন্ত্রী বলেন, অনেকে এসি রুমে বসে বক্তব্য দেন- দেশে গণতন্ত্র নেই। এ ব্যাপারে আমার বক্তব্য হলো, নির্বাচনের মাধ্যমে সংসদে জনপ্রতিনিধিরা আছেন, প্রত্যেক এলাকায় জনগণের নির্বাচিত চেয়ারম্যান, মেম্বাররা আছেন। তাই সর্বস্তরেই গণতন্ত্র আছে। আর গণতন্ত্র আছে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের উন্নয়ন করে। যারা ড্রইং রুমে বসে গণতন্ত্র নেই বলে, আন্দোলনের ডাক দিয়ে বিমানে চড়ে বসে, জনগণ তাদের কথা শুনবে না।
 
নিবন্ধন অধিদপ্তরের মহা-পরিদর্শক খান মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, ঢাকা জেলা রেজিস্ট্রার দিপক কুমার সরকার, নকলনবিশ কেন্দ্রীয় কমিটির নেতা আব্দুল কুদ্দুছ প্রমুখ।
 
ইত্তেফাক/এমআই