ফাঁসিতে ঝুলে প্রেমিক যুগলের আত্মহত্যা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩০
আত্মহত্যার আগে মেয়েটি তার হাতে লিখে গেছে, 'বাঁচলেও এক সঙ্গে মরলেও এক সঙ্গে।' ছেলেটি মারা গেছে ভোর বেলায়, মেয়েটি দুপুরে। দুজনেই মারা গেছে ফাঁসিতে। অকালে ঝরে যাওয়া প্রেমিক যুগলের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায়।
 
এলাকাবাসী জানায়, উপজেলার নাওগাঁও ইউনিয়নের সাইফুল ইসলামের পুত্র পলাশ মঙ্গলবার ভোরে নিজ ঘরে আড়ার সঙ্গে রশি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। এ আত্মহত্যার কথা শুনেই পাশের গ্রাম রাঙামাটিয়া ইউনিয়নের হাতিলেইটের প্রবাসী নূরুল ইসলামের মেয়ে আরিফা খাতুন ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
 
আত্মহত্যার আগে আরিফা তার হাতে লিখে যায়, পলাশ বাঁচলেও একসঙ্গে মরলেও একসঙ্গে। এ লেখা নিয়ে প্রেমের বিষয়টি প্রকাশ পায়।
 
এলাকাবাসী জানায়, তারা দুজনে ছিল পলাশীহাটা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক থাকলেও ছেলের পরিবার তাদের সম্পর্ক মেনে নিচ্ছিল না। আর এ কারনেই তারা আত্মহত্যার পথ বেছে নেয়।
 
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম জানান, প্রেমিক যুগলের আত্মহত্যার বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/নূহু