ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরের লাশ উদ্ধার

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪০
নিখোঁজের ৩ দিন পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শামীম মিয়া (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার বাহাদুপুর-তালশহর হাজী আবু সামা সড়কের পাশের নালা থেকে গলায় গামছা পেঁচানো ও হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।
 
নিহত শামীম মিয়া আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। পেশায় সে রিকশাচালক ছিলেন।
 
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে শামীম মিয়া বাড়ি থেকে বের হয়ে একই এলাকার আনোয়ার মিয়ার গ্যারেজ থেকে রিকশা ভাড়া নেয়। সারাদিনের পর রাতেও রিকশা গ্যারেজে জমা দেয়নি। রবিবার বিভিন্ন স্থানে খোঁজ না পেয়ে পরিবারের লোকজন ওই দিনই আশুগঞ্জ থানায় জিডি করে। পরে সোমবার রাতে সড়কের পাশে নালার পানিতে নিহতের লাশ ভেসে উঠতে দেখে নিহতের স্বজনরা পুলিশকে খবর দিলে রাতেই লাশ উদ্ধার করে। মঙ্গলবার সকালে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
 
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মেজবাহ উদ্দিন জানান, নিহতের গলায় গামছা পেঁচানো ও হাত পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ শ্বাসরুদ্ধ করে হত্যা করে তার রিকশাটি নিয়ে পালিয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
 
ইত্তেফাক/বিএএফ