গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বামীর নির্যাতনে সুবর্ণা খাতুন (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার শাখাহার ইউনিয়নের দামগাড়ী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা গেছে, ৪/৫ বছর আগে দামগাড়ী গ্রামের সুমন মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী শিবগঞ্জ উপজেলার পদ্মপুকুর গামের আব্দুস সোবাহান আলীর মেয়ে সুবর্ণা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুক দাবি করে আসছিল সুমন। এ নিয়ে একাধিকবার পারিবারিকভাবে শালিস করা হয়। সর্বশেষ সোমবার রাতে সুমন তার স্ত্রী সুবর্ণাকে বেদম মারপিট করে। রাতের কোন এক সময়ে সুবর্ণার মৃত্যু হলে তাকে ঘরে তালাবদ্ধ করে সুমনসহ তার পরিবারের লোকজন পালিয়ে যায়। সকালে বাড়িতে কাউকে না পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘরের তালা ভেঙ্গে সুবর্ণার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ‘নিহত সুবর্ণার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। তবে ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’
ইত্তেফাক/বিএএফ
