মামলার জট কমতে শুরু করেছে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের। গত ৮ মাসে নিষ্পত্তি হয়েছে ২ হাজারেরও বেশি মামলা। সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বর্তমান বিচারক হোসনে আরা আক্তার যোগদানের পর থেকে দ্রুত গতিতে কমতে শুরু করেছে মামলার জট।
জানা গেছে, ২০১৭ সালের নভেম্বর মাসে যোগদানের পর মাত্র ৮ মাসের মধ্যে হোসনে আরা আক্তার নিষ্পত্তি করেছেন ২ হাজারেরও বেশি মামলা। তিনি যোগদান করার সময় উক্ত ট্রাইব্যুনালে প্রায় ৫ হাজার মামলা বিচারাধীন ছিল। যোগদানের পর থেকে নিজ কর্মদক্ষতায় তিনি মাত্র ৮ মাসে ২ হাজারেরও বেশি মামলা নিষ্পত্তি করেছেন। যার মধ্যে মানব পাচার, ধর্ষণ, হত্যা, যৌতুকের দাবিতে স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতন, ধর্ষণের পরে হত্যা, অপহরণ উল্লেখযোগ্য।
নিষ্পত্তিকৃত এসব মামলায় আসামিদের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন অনেকেই।
সূত্র আরো জানায়, দীর্ঘদিন পড়ে থাকা অনেক মামলা বর্তমান বিচারক নিজ দায়িত্বে বের করে দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করেছেন। এছাড়া দীর্ঘদিন সাক্ষী হাজির না হওয়ার কারণে যেসব মামলা নিষ্পত্তিতে বিলম্ব সৃষ্টি হয়েছিলো নিজে উদ্যোগ নিয়ে পুলিশের মাধ্যমে সেসব সাক্ষীদের ট্রাইব্যুনালে হাজির করে দ্রুত মামলা নিষ্পত্তি করেছেন। যার সুফল ভোগ করছেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারপ্রার্থীরা।
এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, ১৯৯৫ সালে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইন, সংশোধিত হয়ে ২০০০ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন, পরবর্তীতে আবারও সংশোধিত হয়ে ২০০৩ সালে সাতক্ষীরায় আলাদাভাবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। কিন্তু এ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে দিনের পর দিন শুধু মামলার জট বাড়তে থাকে। কিন্তু বর্তমান বিচারক হোসনে আরা আকতার যোগদানের পর থেকে ১৯৯৬, ৯৭ ও ৯৮ সালের মামলা ছাড়াও অসংখ্য মামলা গত ৮ মাসে নিষ্পত্তি হয়েছে।
তিনি আরো জানান, বর্তমান বিচারক যোগদানের পর থেকে সাধারণ মানুষ বিচার পেতে শুরু করেছে। আসামি ও বাদীগণ ভোগান্তির হাত থেকে রক্ষা পেয়েছে।
নাম প্রকাশ না করা শর্তে একাধিক আইনজীবী জানান, ২০০৩ সাল থেকে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলেও বর্তমান বিচারক আসার পর থেকে যেমন দ্রুত বিচার কাজ সম্পন্ন হচ্ছে আগের কোন সময়ে এত দ্রুত এত বেশি মামলা নিষ্পত্তি হয়নি।
সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার জানান, বিচারপ্রার্থীদের যাতে কোন ধরণের ভোগান্তি পোহাতে না হয় সেজন্য যত দ্রুত সম্ভব মামলা নিষ্পত্তির চেষ্টা করছি। এখনো যে মামলাগুলো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে সেগুলো খুব দ্রুতই নিষ্পত্তি করা হবে।
ইত্তেফাক/বিএএফ
