চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির সন্দেহে মোহাম্মদ শাহেদুল ইসলাম নামে এক শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ঝুপড়ির সামনে তাকে মারধর করা হয়।
আহত শাহেদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে শাহেদুল কলার ঝুপড়িতে নাস্তা করতে গেলে ছাত্রলীগের বগি ভিত্তিক সংগঠন সিক্সটি নাইন গ্রুপের ১০ থেকে ১২ জন নেতাকর্মী শাহেদুলকে মারধর করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায়। এর আগে শাহেদুলকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের একটি কক্ষে আটকে রেখে ব্যাপক মারধর করে ছাত্রলীগের এই অংশটি।
চবি মেডিকেল সেন্টারের চীফ মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব বলেন, আহত শিক্ষার্থীর মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে চবি ছাত্রলীগের বিলুপ্তি কমিটির সিনিয়র সহ-সভাপতি মনসুর আলম বলেন, শাহেদুল নামের ছেলেটি শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে এর আগেও তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। এর পরেও কিছুদিন যাবৎ সে উস্কানিমূলক বিভিন্ন কর্মকাণ্ড করায় তাকে আবার মারধর করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে শিবিরে জড়িত থাকার যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, শাহেদ নামের এক শিক্ষার্থীকে মারধরের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে তাকে পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে চবি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।
ইত্তেফাক/বিএএফ
