ধরলা নদীতে জেলেরা ধরেছে ১শ কেজি ওজনের ডলফিন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৯
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে জেলেদের জালে একটি বিশাল আকৃতির মিঠা পানির ডলফিন (শুশুক)  ধরা পড়েছে। মঙ্গলবার বিকালে  শেখ হাসিনা সেতুর এক কিলোমিটার পশ্চিমে গভীর পানিতে প্রায় আড়াই মন ওজনের এ শুশকটি ধরা পড়ে। শুশক ধরা পড়ার খবরে এক নজর দেখার জন্য মুহূর্তের মধ্যে নদীর পাড়ে কয়েকশত উৎসুক  নারী পুরুষের ঢল নামে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ধরলা সেতুর এক কিলোমিটার পশ্চিমে গভীর পানিতে মাছ ধরার জন্য বেড় জাল ফেলে জেলার কাঠালবাড়ী ছিনাই এলাকার একদল জেলে। জাল টেনে কিনারে নিয়ে আসার এক পর্যায়ে শুশুকটি লাফালাফি শুরু করে। পরে সকলে মিলে জাল দিয়ে পেঁচিয়ে শুশকটিকে আটক করে নৌকায় তোলে তারা। 
 
এ ব্যপারে জেলেদের সর্দার হাড্ডু মিয়া (৪৮) জানান, শুশকের তেল বিভিন্ন রোগের ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। এটি ২৫ থেকে ৩০ হাজার টাকায় বিক্রি হবে।
 
ইত্তেফাক/নূহু