সখীপুরে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহত

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৫
সখীপুরে সড়ক দুর্ঘটনায় উপজেলার বহুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু হানিফ মিন্টু (৪৮) নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে সখীপুর-বাটাজোড় সড়কের কীর্ত্তনখোলা জোরারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আবু হানিফ মিন্টুর স্ত্রী হামিদা বেগমও আহত হন।
 
নিহত আবু হানিফ মিন্টু ওই ইউনিয়নের কালমেঘা মেনজাখালি গ্রামের আবদুল লতিফ মিয়ার ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, আবু হানিফ মিন্টু তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে সখীপুর পৌরশহর থেকে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে সখীপুর-বাটাজোড় সড়কের কীর্ত্তনখোলা জোরারপাড় এলাকায় পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে তারা আহত হন। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাদেরকে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে মিন্টুর অবস্থার অবনতি হলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
 
আবু হানিফ মিন্টু নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম বলেন, ওই নেতার স্ত্রী আহত হামিদা বেগমকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) লুৎফুল কবীর বলেন, সড়ক দুর্ঘটনায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবু হানিফ মিন্টু নিহতের বিষয়টি শুনেছি।
 
ইত্তেফাক/বিএএফ