চরফ্যাশনের কাশেমগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র রাকিব সিকদারকে (১৫) ৩০হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছে ভ্রাম্যমান আদালত। শশীভুষণ থানা পুলিশ ইভটিজিংয়ের দায়ে আটক ছাত্রকে মঙ্গলবার সন্ধ্যার পর ভ্রাম্যমান হাজির করলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন নিজ কার্যালয়ে এ দণ্ডাদেশ দেন।
থানা পুলিশ ও ছাত্রীর অভিযোগে প্রকাশ, দক্ষিণ মাদ্রাজ গ্রামের সৌদি প্রবাসী মোস্তফা সিকদারের পুত্র শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র রাকিব সিকদার প্রায়ই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতো। সোমবার বিকেলে স্কুল ছুটির পর বাড়ি ফেরার সময় পানির কল সংলগ্ন স্থানে পৌছলে রাকিব তার ছাতার মধ্যে ঢুকে পরে। এ সময় রাকিব টানা হেঁচড়া করে তার ওড়না ছিঁড়ে ফেলে। রাকিবের সহপাঠী শরিফ তাকে এ কাজে সহযোগিতা করে।
এ ঘটনায় রাকিবের জরিমানা হলেও তার সহপাঠী শরিফকে আটক করতে পারেনি পুলিশ।
ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন জানান, অভিযুক্ত রাকিবকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সহপাঠী শরিফকে আটকের জন্য ওসি শশীভূষণকে নির্দেশ দেওয়া হয়েছে।
ইত্তেফাক/নূহু
