চাষাড়ায় বেপরোয়া ট্রাক কেড়ে নিলো শেফালীর প্রাণ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ২১:২৪
শহরের চাষাড়ায় একটি বেপরোয়া ট্রাকের ধাক্কায় শেফালী বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চাষাড়া আজগর পেট্রোল পাম্প ও রাইফেল ক্লাবের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।
 
নিহত শেফালী বেগম ফতুল্লার মাসদাইর এলাকার জালাল উদ্দিনের স্ত্রী। রাস্তা পারাপার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকসহ (ঢাকা মেট্রো ট ১৬-৭৩৭৭) এর চালক নূরুল ইসলামকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। সে কেরানীগঞ্জের আব্দুল মজিদের ছেলে।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মো. মজিবুর রহমান। তিনি জানান, সকালের দিকে ওই নারী রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ৩শ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ঘটনাস্থলে উপস্থিত থাকা ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক ও চালককে ট্রাফিক পুলিশ আটক করে আমাদের হাতে তুলে দিয়েছেন। তবে এর চালক নূরুল ইসলাম দাবি করছেন তার গাড়িতে এ দুর্ঘটনা ঘটেনি। আমরা ঘটনাটি যাচাই বাছাই করছি।
 
ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) শরফুদ্দিন জানান, দুর্ঘটনাকালীন সময়ে প্রত্যক্ষদর্শী ছিলো কমর আলী স্কুলের দুই ছাত্র। তারাই প্রথমে গাড়িটিকে আটক করে চাবি নিয়ে নেয়। পরে আমাদের হাতে চাবি বুঝিয়ে দিয়ে ওরা ঘটনার বর্ণনা করে। পরে রেকার দিয়ে ফতুল্লা থানা পুলিশের কাছে এর চালকসহ ট্রাকটি বুঝিয়ে দেওয়া হয়। 
 
৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জানিয়েছেন, দুর্ঘটনার শিকার নারীকে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে। নিহতের পরিবার মরদেহ বুঝে নিয়ে গেছে।
 
ইত্তেফাক/নূহু