অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ঢাকা আহ্ছানিয়া মিশন দেশের মানুষের সেবায় দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছে। এ মিশনের একটি প্রতিষ্ঠান আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল। এখানে সাধারণ মানুষকে অল্প খরচে চিকিৎসা দেওয়া হয়।
মঙ্গলবার ঢাকা আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালে অত্যাধুনিক যন্ত্র সম্বলিত ‘অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি অপারেশন থিয়েটার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আমার চাকরির বয়স যখন দুই বছর তখন থেকে আমি আহ্ছানিয়া মিশনকে চিনি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কাজী রফিকুল আলমের সঙ্গে আমার পরিচয় ৩০ বছর আগে থেকে। তিনি তখন অনেক তরুণ ছিলেন। এ প্রতিষ্ঠানটি উন্নয়নে তার বন্ধু বান্ধব যেভাবে তৎপর তাতে তারা প্রশংসার দাবিদার। তারা আমার কাছে দীর্ঘ দিন সহায়তা চেয়েছে। আমি তাদের সহায়তার আশ্বাস দিয়েছি। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক থেকে সহায়তা পেতে পারে।
মুহিত বলেন, আমার দেশে ক্যান্সার যে কত বড় অসুখ সেটি বলে বুঝানো যাবে না। আগে আমাদের দেশে অনেক মানুষের মৃত্যু হয়েছে এই রোগে কিন্তু তারা জানতো না। ক্যান্সারে রোগীর সঙ্গে আমার তেমন কথা হয়নি। আমার বন্ধু সাংবাদিক আলতাফ মাহমুদ ক্যান্সারে মারা গিয়েছেন। তাকে অনেক রক্ত দিতে হয়েছে দেখেছি। এছাড়া আমার মা ক্যান্সারে মারা গেছেন। তিনি বলেন, আহ্ছানিয়া মিশন মানুষের সেবায় দিনকে দিন আরো বড় প্রকল্প নিচ্ছে। প্রতিষ্ঠানটির সব কাজ মানুষের সেবার জন্য।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাহারা খাতুন বলেন, প্রধানমন্ত্রী ২০১৪ সালের ৯ এপ্রিল উদ্বোধন করেছিলেন আহ্ছানিয়া মিশন হাসপাতাল। এখানে ক্যান্সারে চিকিৎসা হয়। এখানে অনেক গরীব মানুষ চিকিৎসা পায়। আমার নির্বাচনী এলাকা হওয়ায় এখানকার অনেক গরীব মানুষ সহযোগিতা পেয়েছে। আমি অনেক সময় তাদের সঙ্গে যোগাযোগ করে আমার এলাকার মানুষের জন্য সহায়তা চেয়েছি। তারা আমাকে যথেষ্ট সহায়তা করেছে।
শুভেচ্ছা বক্তব্য ঢাকা আহ্ছানিয়া মিশনের উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান বলেন, আহ্ছানিয়া মিশন ক্যান্সার হসপিটাল ৫০০ শয্যা বিশিষ্ট বিশ্বমানের একটি হসপিটাল।
ইত্তেফাক/জেডএইচ
