খুলনায় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ২২:০৫
খুলনায় পৃথকভাবে অস্ত্র ও গুলিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার ডাউকোনা গ্রামস্থ ২৪ নম্বর ডাউকোনা ও বটিয়াঘাটা উপজেলার কাজীবাছা নদীর পশ্চিম পাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
 
গ্রেপ্তারকৃতরা হল- নড়াইল জেলার সদর থানার ভওয়াখালী এলাকার মৃত লাল মিয়া বিশ্বাসের ছেলে আক্তারুজ্জামান বাবুল ওরফে কোবরা বাবুলকে (৪৫), কয়রা উপজেলার মটবাড়ী গ্রামের আবু তালেব গাজীর ছেলে মো. সিরাজুল গাজী (২২), সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দাতিনা খালী গ্রামের আব্দুল গনি সানার ছেলে মো. শাহা জামাল সানা (৩০) এবং একই উপজেলার চণ্ডিপুর গ্রামের আবুল বাশার মোড়লের ছেলে মো. নূরুজ্জামান মোড়লকে (২৫)।
 
খুলনা জেলা পুলিশের গোয়েন্দা পরিদর্শক তোফায়েল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে ফুলতলা উপজেলার ডাউকোনা গ্রামস্থ ২৪নম্বর ডাউকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে থেকে অস্ত্র ও গুলিসহ আক্তারুজ্জামান বাবুল ওরফে কোবরা বাবুলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।
 
অপরদিকে র‌্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার, মো. এনায়েত হোসেন মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর তিনটার দিকে বটিয়াঘাটা উপজেলার কাজীবাছা নদীর পশ্চিম পাড়ে নৌপথে ডাকাতির প্রস্তুতিকালে মো. সিরাজুল গাজী, মো. শাহা জামাল সানা ও মো. নূরুজ্জামান মোড়লকে (২৫) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১টি বিদেশি এক নলা বন্দুক, ১ টি পাইপগান, শটগানের ১১ রাউন্ড কার্তুজ ও ২টি রামদা উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/বিএএফ