গাজীপুরে নিজ কারখানার বাস চাপায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এর প্রতিবাদে বিক্ষুব্ধ সহকর্মীরা ওই বাসে আগুন ধরিয়ে দেন এবং মহাসড়ক অবরোধ করেন। মঙ্গলবার রাতে সিটি করপোরেশনের সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিউলি আক্তার (২৮) স্থানীয় বিকন গার্মেন্টের শ্রমিক ছিলেন। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
নাওজোর হাইওয়ে ফাঁড়ির পরিদর্শক ওয়াহিদুজ্জামান জানান, ছুটি শেষে বিকন গার্মেন্টের কারখানার শ্রমিকদের নিয়ে প্রতিষ্ঠানের নিজস্ব বাসটি গাজীপুর চৌরাস্তার দিকে যাচ্ছিল। রাত ৮টা ২০ মিনিটের দিকে সালনা ব্রিজের কাছে বাস থেকে নামার সময় চালক শিউলির উপর দিয়ে বাসটি চালিয়ে দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর বিক্ষুদ্ধ সহকর্মীরা এবং স্থানীয় লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন এবং ওই মহাসড়ক অবরোধ করেন রাখে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। এছাড়া পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে রাত পৌনে ১০টার দিকে যানবাহন চলাচল শুরু হয়।
ইত্তেফাক/আরকেজি
