ফুলপুরে সেপটিক ট্যাংক থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, ভাই আটক

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:২৯
ফুলপুর উপজেলার পাগলা গ্রামে সেপটিক ট্যাংক থেকে মঙ্গলবার রাতে ঈসমাইল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় রাজমিস্ত্রি। এ ঘটনায় তার আপন ভাইকে আটক করা হয়েছে।
 
ফুলপুরের ওসি একেএম মাহবুব আলম বলেছেন, শ্বশুর বাড়ির লোকজন ও তার আপন ভাইয়ের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল ঈসমাইলের। এ নিয়ে মঙ্গলবার থানায়  একটি সালিশের কথাও ছিল। এর মধ্যেই ঈসমাইল নিখোঁজ হন। তার ধারণা সোমবার রাতে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
 
এলাকাবাসী জানান, ঈসমাইলের মেয়ে একটি স্থানকে সন্দেহ করে স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে দুপুরে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার পিতার লাশ ওই স্থান থেকে উদ্ধার করে। রাত সাড়ে ৯টায় সর্বশেষ খবরে জানা গেছে, সুরৎহাল শেষে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে রওনা দিয়েছেন। পুলিশ এ ঘটনায় ঈসমাইলের আপন ভাইকে গ্রেফতার করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি