চোরের ঘরের মাটি খুঁড়ে মিলল স্বর্ণালংকার

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৪:০৬
লক্ষ্মীপুরে পৌর শহরের সমসেরাবাদ এলাকার ব্যবসায়ী সুমন মজুমদারের বাড়িতে চুরির ঘটনায় জড়িত থাকায় নাহিদ নামে এক যুবককে আটক করা হয়। পরে নাহিদের বসতঘরের মাটি খুঁড়ে চুরি হওয়া প্রায় ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। 
 
পুলিশ জানায়, গত শনিবার রাতে সুমন মজুমদারের বাসার চালের টিন খুলে নাহিদ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। নাহিদ সদর উপজেলার টুমচর এলাকার মো. মিজানের ছেলে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যক্তি থানায় লিখিত অভিযোগ করেন। মঙ্গলবার রাতে সদর উপজেলা টুমচর গ্রামে অভিযান চালিয়ে নাহিদকে আটক করা হয়।
 
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরকে আটক করা হয়। পরে তার বসতঘরের মাটির নিচে পুঁতে রাখা চুরি করে নেয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
 
 
ইত্তেফাক/ইউবি