বিচার না পেয়ে বিষ খেয়ে আত্মহত্যার হুমকি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৭
'পুলিশ প্রশাসনের অসচেতনায় মৃত্যু ছাড়া আমার উপায় নাই'। 'মরতে মরতে বেঁচে গেছি আজকে মরবো তাতে কি'। 'অপরাধীচক্র গ্রেপ্তার না হলে আত্মহত্যা করবো বিষ খেয়ে'। 'করুনা নয় অধিকার চাই, বাঁচার মত বাঁচতে চাই'। 'আত্মহত্যা মহাপাপ, বিচার না পেলে করবো আজ'।- এমন নানা পোস্টার লাগিয়ে পঞ্চগড় প্রেসক্লাবের সামনে বিষের বোতল নিয়ে অবস্থান অনশন কর্মসূচি পালন করেছে সবুজ আলম (২২) নামে জেলার আটোয়ারী উপজেলার সর্দারপাড়া এলাকার যুবক। 
 
সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত পঞ্চগড় প্রেসক্লাবের সামনে এই যুবক অবস্থান কর্মসূচির জন্য বসে। এ সময় সড়কের পাশ দিয়ে যাওয়া হাজার মানুষ এই ব্যতিক্রমী অনশন প্রত্যক্ষ করতে তাকে ঘিরে ধরে।
 
জমি সংক্রান্ত জেরে মারপিটের ঘটনায় আটোয়ারী থানা পুলিশ মামলা না নেওয়ায় বিচার না পেয়ে আত্মহত্যা করার হুমকি দিয়ে অনশন করছেন তিনি। বিকেলে পঞ্চগড় থানার এসআই শাহিনুজ্জামানসহ একদল পুলিশ এসে সবুজকে পঞ্চগড় থানায় নিয়ে যায়।
 
এ সময় সবুজ ইসলাম জানান, গত ৩১ আগস্ট জমি সংক্রান্ত জেরে একই এলাকার মান্না (২০), মাহাবুব (২৪), শফিকুল ইসলাম (৪৫) তাকে ও তার বাবা খয়রুল ইসলামকে মারপিট করে। এ ঘটনায় গত ২ সেপ্টেম্বর সবুজ ও তার বাবা খয়রুল ইসলাম আটোয়ারী থানায় আসামিদের বিরুদ্ধে এজাহার দাখিল করে। কিন্তু পুলিশ মামলা না নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে জানায়। 
IMG0
সবুজ আরও জানায়, পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বললেও তদন্তে যাওয়ার জন্য এসআই জাহিদ তাদের কাছে ১ হাজার টাকা দাবি করে। তারা সব মিলে ওই পুলিশ সদস্যকে আড়াইশ টাকা দিতে চাইলে ওই পুলিশ সদস্য তা নিতে অস্বীকৃতি জানান। টাকা না দেওয়ায় পুলিশ তদন্তও করেননি এবং মামলাও নেননি। এ কারণে বিচার চেয়ে সবুজ ইসলাম পঞ্চগড় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মষূচি পালন করে। 
 
পঞ্চগড় থানার প্রধান কর্মকর্তা (ওসি) রবিউল আলম সরকার জানান, তাকে থানায় আনা হয়েছে। তার অভিভাবকে খবর দেওয়া হয়েছে। অভিভাবক এলে তার কাছে সোপর্দ করা হবে।
 
টাকা ছাড়া তদন্তে যাওয়ার বিষয়টি অস্বীকার করে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, তার এজাহারের প্রেক্ষিতে ৫ সেপ্টেম্বর মামলা রেকর্ড করা হয়েছে। যার মামলার নং-০৩।
 
ইত্তেফাক/নূহু