সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে কুরআন খতম, মিলাদ মাহফিল, দোয়া ও শিরনী বিতরণ করা হয়।
বুধবার সকাল সাড়ে ১১টায় এম সাইফুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পন করেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, দলীয় নেতা কর্মী ও পরিবারের সদস্যরা। পরে কবর জিয়ারত ও দোয়ায় অংশ নেন সবাই। এ সময় উপস্থিত ছিলেন মরহুম সাইফুর রহমানের পুত্র সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, জেলা বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, জাসাস ও কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকালে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ বাংলাদেশের উদ্যোগে কবর জিয়ারত, মিলাদ, দোয়া ও শিরণী বিতরণ করা হয়। বাদ যোহর মরহুমের বাড়িতে পরিবারের উদ্যোগে মিলাদ, দোয়া ও শিরণী বিতরণ করা হয়। বিকেলে জেলা বিএনপির উদ্যোগে শহরের হযরত সৈয়দ শাহমোস্থফা (র:) দরগা জামে মসজিদে মিলাদ ও শিরণী বিতরণ করা হয়।
সাইফুর রহমান মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা ও উপজেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন ধর্মীয় স্থানে তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ বৃক্ষের চারা রোপন করে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ।
উল্লেখ্য এম সাইফুর রহমান বাণিজ্য মন্ত্রী, পরিকল্পনামন্ত্রী ও একাধিকবার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে ১২ বার বাজেট পেশ করেন তিনি। ২০০৯ সালের এই দিনে মৌলভীবাজারের নিজ বাড়ী বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার সময় ব্রাম্মনবাড়িয়া জেলার ঢাকা-সিলেট মহা সড়কের খড়িয়ালা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি।
ইত্তেফাক/নূহু
