পাবনার বেড়া উপজেলায় অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ করাতকলকে পাঁচ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার কাশীনাথপুর থেকে কাজীরহাট এলাকা পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আনাম সিদ্দিকী ভ্রাম্যমাণ আদালত গঠন করে অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযানে নামেন। উপজেলার কাশীনাথপুর থেকে কাজীরহাট পর্যন্ত ছয়টি করাতকলের সন্ধান পান। এর মধ্যে শুধু একটি করাতকলের বৈধতা থাকলেও বাকি পাঁচটির মালিকেরা সরকারি অনুমোদন (লাইসেন্স) ছাড়াই করাতকলগুলো চালাচ্ছিলেন। এজন্য করাতকলগুলোর মালিকদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেন আদালত।
করাতকলগুলো হল- সিন্দুরী ভাই ভাই স’মিল, কামাল মণ্ডল স’মিল, ভাইবোন স’মিল, মাসুন্দিয়া কোরবান আলী স’মিল ও কাজীরহাট সরদার স’মিল।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আসিফ আনাম সিদ্দিকী বলেন, ‘বেড়ায় কোন লাইসেন্সবিহীন করাতকল চলতে দেওয়া হবে না। লাইসেন্সবিহীন করাতকলগুলোর কাছ থেকে জরিমানা আদায় করে দ্রুত লাইসেন্স করার পরামর্শ দেওয়া হয়েছে।’
ইত্তেফাক/বিএএফ
