পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন রিক্সা চালকের মৃত্যু হয়েছে। পৌর শহরের ২নং ওয়ার্ডের কাউন্সিলর আফজাল আকনের বাড়ি সংলগ্ন একটি রিক্সা গ্যারেজে ব্যাটারিচালিত রিক্সায় চার্জ দিয়ে গিয়ে মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল ছালাম (৫০)। তিনি দুই সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজাপুরের সাতুরিয়া গ্রামের বাসিন্দা আব্দুস ছালাম ভাণ্ডারিয়ায় বাসা ভাড়া করে থাকতো। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতেও স্থানীয় ইদৃসের চায়ের দোকান থেকে বিদ্যুতের একটি অবৈধ সংযোগ দিয়ে রিক্সায় চার্জ দিতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়ে ১৩৩ /কেভি ভোল্টের ভাণ্ডারিয়া উপকেন্দ্রের আবাসিক প্রকৌশলী দেলোয়ার হোসেন বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।
ভাণ্ডারিয়া থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ এবং ময়না তদন্তের দাবি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় কোন মামলা হয়নি।
ইত্তেফাক/নূহু
