বিদেশে পালানোর সময় স্ত্রী হত্যার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:৫১
স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ মামলার প্রধান আসামি সাভার থানা যুবলীগের (বহিষ্কৃত) সাবেক সভাপতি ও ঢাকা জেলা পরিষদের সদস্য সেলিম মণ্ডলকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তারের পর মানিকগঞ্জের সিংগাইর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে গত ৩ আগস্ট সেলিম মণ্ডল তার দ্বিতীয় স্ত্রী আয়েশা আক্তার বকুলকে (২৫) হত্যা করে মৃতদেহটি গুম করার জন্য মানিকগঞ্জের সিংগাইরে নিয়ে যায়। সেখানে বায়রা ইউনিয়নের স্বরূপপুর গ্রামে রাস্তার পাশে একটি কলাবাগানে নিহতের মৃতদেহটি ফেলে এবং পরিচয় গোপন করার জন্য লাশের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরদিন সিংগাইর থানা পুলিশ আয়েশা আক্তার বকুলের পুড়ে যাওয়া মরদেহটি উদ্ধার করে।
 
পরে বিষয়টি জানাজানি হলে নিহত গৃহবধূর ভাই উজ্জ্বল হোসেন যুবলীগ নেতা সেলিম মণ্ডলকে প্রধান আসামি করে সিংগাইর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় সেলিম মণ্ডল বেশ কিছুদিন পালিয়ে থেকে গত ২৮ আগস্ট উচ্চ আদালতে হাজির হয়ে তার আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে আদালত তাকে অস্থায়ী জামিন প্রদান করেন আদালত। জামিন পেয়ে মঙ্গলবার রাতে ইতালিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সেলিম মণ্ডল গ্রেপ্তার করে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে মানিকগঞ্জের সিংগাইর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
 
এর আগে নিজের স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে যুবলীগ নেতা সেলিম মণ্ডলকে দল থেকে থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবলীগ। এছাড়াও সেলিম মণ্ডলের ছোট ভাই জুয়েল মণ্ডল একই মামলায় গ্রেপ্তার হয়ে এখনও জেল হাজতে রয়েছেন।
 
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল যুবলীগ নেতা সেলিম মণ্ডলকে সিংগাইর থানা পুলিশ আটক করেছে বলে নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/বিএএফ