যশোরের অভয়নগরের সিদ্দিপাশা সোনাতলা গ্রামের মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ পিতা ধলু সরদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। ধলু সরদার ওই গ্রামের মৃত হানেফ সরদারের ছেলে।
বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অমিত কুমার দে এই সাজা দিয়েছেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেছেন বিশেষ পিপি ইদ্রিস আলী। সাজাপ্রাপ্ত ধলু সরদার কারাগারে আটক আছে।
মামলার অভিযোগে জানা গেছে, আসামি ধলু সরদার মেয়েসহ এক বিধবা মহিলাকে বিয়ে করে। অভাবের সংসার হওয়ায় তারা এক ঘরে বসবাস করত। ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর ধলু সরদার তার সৎ কন্যাকে ধর্ষণ করে। চলতি বছর ধলু সরদার ফের ধর্ষণ করলে গত ৯ মার্চ ওই তার মা স্বামী ধলু সরদারকে আসামি করে অভয়নগর থানায় ধর্ষণ মামলা করেন।
এ মামলার তদন্ত শেষে ধলু সরদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই শেখ মুহাম্মদ রেফাতুল ইসলাম। অভিযোগে প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
ইত্তেফাক/আরকেজি
