বিল পরিশোধের অক্ষমতায় কুমিল্লার একটি প্রাইভেট হাসপাতাল থেকে এক নবজাতকের বাবা-মা উধাও হয়ে যাওয়ার ১৩ দিন পর পুলিশের আন্তরিকতায় সেই নবজাতক শিশু ফিরে পেল তার মা রোকেয়া বেগমকে। থানায় হাসপাতাল কর্তৃপক্ষের লিখিত অভিযোগ ও ইত্তেফাকসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গতকাল বুধবার ওই শিশু ফিরে পায় তার মাকে। চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার শাহ আলমের স্ত্রী গত ১৮ আগস্ট ৭শ’ গ্রাম ওজনের অপরিণত একটি পুত্র জন্ম দেন। সাত দিনে ১ লাখ টাকা বিল দেখে এনআইসিইউ রেখে হাসপাতাল ত্যাগ করেন শিশুটির বাবা-মা।
পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, আমরা শিশুর নাম দিয়েছি ‘দৃষ্টান্ত’। সকলে মিলে আমরা শিশুটির চিকিত্সা ব্যয় বহন করব। জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, বৃত্তবানদের শিশুটির চিকিত্সার জন্য পাশে দাঁড়ানো আহবান জানাব। কুমিল্লা মা ও শিশু স্পেশালাইজড হাসপাতালের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. বদিউল আলম জানান, বুধবার পর্যন্ত শিশুটির চিকিত্সায় ব্যয় হয়েছে প্রায় আড়াই লাখ টাকা। অক্সিজেন ও দেশের বাইরে থেকে আনা কিছু ওষুধের দাম নেওয়া হবে। অন্যান্য খরচ মওকুফ করে দেব।
