হবিগঞ্জের নবীগঞ্জে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৬ জন। বুধবার রাতে সাড়ে ১১ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের গজনাইপুর ইউনিয়নের সাতাইয়াল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার স্বস্থিপুর গ্রামের বারিন্দ্র সরকারের ছেলে ইরেশ সরকার (৩০) ও করগাও গ্রামের সুরুজ মিয়ার ছেলে সোহেল মিয়া (৩২)। দুর্ঘটনায় আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, হাইওয়ে পুলিশ বুধবার রাতে মহাসড়কে চলাচলকারী সিএনজি অটোরিকশাটি থামানোর চেষ্টা করে। এ সময় সিএনজি চালক গাড়ি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ধান ব্যবসায়ী আজাদ মিয়া ও করগাও গ্রামের সুহেল মিয়া, সিএনজি অটোরিকশার যাত্রী স্বস্থিপুর গ্রামের ইরেশ সরকার, একই গ্রামের কালিপদ সরকার, সাইফুল ইসলাম, শান্ত বিশ্বাস, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের সেবক চন্দ্র বিশ্বাস ও মৌলভীবাজার জেলার শেরপুরের রঘু সরকার গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় হাইওয়ে পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় সুহেল মিয়া ও ইরেশ সরকার মারা যান।
হবিগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে পুলিশের গাড়িতে করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ইত্তেফাক/বিএএফ
