জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে গান করেছেন অনেক সঙ্গীতশিল্পী। তেমন এক প্রচেষ্টা থেকে মিয়ানমারে রোহিঙ্গা নিধন ও বিশ্বের গণহত্যার বিরুদ্ধে সৈয়দ শিমুল পারভেজ গেয়েছেন ‘স্টপ জেনোসাইড’ শিরোনামে একটি ইংরেজি গান।
‘দুঃখ-সুখের সমীকরণ’ শিরোনামে গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা ও সুর করেছেন তরুণ এই সঙ্গীতশিল্পী। গানটির মিউজিক কম্পোজ করেছেন মুশফিক লিটু। ইউটিউবে গানটি প্রকাশ হয়েছে।
গানটি প্রসঙ্গে শিমুল বলেন, ‘যেহেতু বিষয়টা আন্তর্জাতিক ইস্যু এবং জাতিসংঘের ভূমিকাও তুলে ধরা হয়েছে, তাই সমগ্র বিশ্বের মানুষের কাছে বাংলাদেশের পক্ষ থেকে একটি বার্তা দেওয়ার জন্যই আমার এই প্রচেষ্টা। খুব শিগগির বাংলা গানের একটি পূর্ণাঙ্গ অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হবেন বলেও জানান তিনি।
গানের পাশাপাশি দীর্ঘদিন ধরে লেখালেখির সঙ্গে জড়িত আছেন শিমুল। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন পত্রিকায় লেখালেখি করছেন। তার লেখা প্রথম কাব্য ‘মা ও মাতৃভূমি’। বর্তমানে একটি জাতীয় ইংরেজি দৈনিক পত্রিকায় কর্মরত আছেন তিনি। পাশাপাশি নিজের গানের চর্চাও করছেন নিয়মিত।
ইত্তেফাক/জেডএইচ
